অনলাইন ডেস্ক নিউজ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ রেশন তালিকা নিয়ে গুরুতর অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৯৬ জন জেলের নাম অন্তর্ভুক্ত করা হলেও ৯টি ওয়ার্ডের মধ্যে ৩নং ওয়ার্ডেই রয়েছে ৬৮ জনের নাম। অভিযোগ রয়েছে, এই ওয়ার্ডটি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের নিজ এলাকা।
অন্যদিকে বাকি ৮টি ওয়ার্ডে মাত্র ২৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে প্রতি ওয়ার্ডে গড়ে মাত্র ৩ জন জেলে সুযোগ পেয়েছেন। এতে প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় জেলেদের অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজেদের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রকৃত জেলেদের বঞ্চিত করা হয়েছে। তারা দ্রুত এই তালিকা বাতিল, সুষ্ঠু পুনঃতালিকা প্রণয়ন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, তিনি তার ওয়ার্ড থেকে ৫ জন এবং পুরো ইউনিয়ন থেকে মোট ৫০ জনের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু তালিকায় ৯৬ জন কীভাবে যুক্ত হয়েছে, তা সংশ্লিষ্ট মৎস্য অফিস জানাতে পারবে। তিনি আরও অভিযোগ করেন, কেউ কেউ মৎস্য অফিসকে “ম্যানেজ” করে অতিরিক্ত নাম অন্তর্ভুক্ত করেছে।
অন্যদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমন সানি জানান, বিষয়টি বিতরণ কমিটির অধীনে এবং তিনি এ বিষয়ে অবগত নন।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।