অধিকৃত পূর্ব জেরুজালেম এবং সেখানকার ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থাপনাগুলোতে ইসরায়েলের আগ্রাসনের ঘটনাগুলো নথিবদ্ধ ও প্রকাশ করার লক্ষ্যে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে আরব ও মুসলিম দেশগুলো। বুধবার (৫ আগস্ট) জর্ডানে অনুষ্ঠিত এক বৈঠকে এই যৌথ ঘোষণাটি গৃহীত হয়।

এই উদ্যোগের মূল অংশ হিসেবে একটি বিশেষ মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জেরুজালেমের পবিত্র স্থান ও সেখানে আগত উপাসনাকারীদের বিরুদ্ধে চালানো ইসরায়েলি আগ্রাসনের চিত্র তুলে ধরা হবে। এর মাধ্যমে এসব ঘটনা আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব জনমতের সামনে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জর্ডানে অনুষ্ঠিত এই বৈঠকে জেরুজালেমবিষয়ক আরব মন্ত্রী পর্যায়ের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এবং তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধিরা এতে অংশ নেন। বৈঠকে অংশগ্রহণকারীরা জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের যেকোনো ধরনের পদক্ষেপ বন্ধের জন্য অবিলম্বে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের জোর আহ্বান জানিয়েছেন।