সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর ধুমবারাহিতে অবস্থিত ন্যাশনাল কলেজে আয়োজিত ‘অ্যাপ্লাইড সাইকোলজি: বিহেভিয়রাল সাইন্স অ্যাডভান্সমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

উপাচার্য জানান, নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে। এই পদক্ষেপ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন পথ প্রশস্ত করবে এবং দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনে অধ্যাপক আমানুল্লাহ বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় ৪০ লাখ শিক্ষার্থী ও আড়াই হাজারের বেশি কলেজ নিয়ে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে প্রায় ৫০টি বিষয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে সাইকোলজি বা মনোবিজ্ঞান অন্যতম প্রধান বিষয়।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের অনেক শিক্ষার্থী মানসিক আঘাত ও ট্রমার মধ্য দিয়ে গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, দক্ষ কাউন্সেলিং ব্যবস্থা এবং পর্যাপ্ত পেশাদার সাইকোলজিস্ট তৈরি এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত না করে টেকসই মানবসম্পদ উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

উপাচার্য উল্লেখ করেন, দেশে বর্তমানে কাউন্সেলিং, অ্যাপ্লাইড ও সোশ্যাল সাইকোলজিস্টের তীব্র সংকট রয়েছে। যেখানে অন্তত ৩০ হাজার সাইকোলজিস্টের চাহিদা রয়েছে, সেখানে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩০০ জন। এই সংকট দূর করতে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে কাউন্সেলিং সেবা চালু এবং প্রয়োজনীয় সংখ্যক দক্ষ সাইকোলজিস্ট তৈরিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

গবেষণা ও উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও একাডেমিক বিনিময়ে অংশীদারত্ব গড়ে তুলছে। ইতিমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং শিগগিরই মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে।

উল্লেখ্য, ক্রস-কালচারাল ও মাল্টিডিসিপ্লিনারি হাইব্রিড মডেলে আয়োজিত এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. অচ্যুত ওয়াগল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ বিভিন্ন দেশের গবেষক, মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।