ঢাকা জাতীয় স্টেডিয়ামের বর্তমান পরিবেশ ও অবকাঠামোগত অবস্থা দেখে গভীর হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে স্টেডিয়াম কমপ্লেক্সে উপস্থিত হয়ে তিনি পুরো এলাকাটি ঘুরে দেখেন এবং এর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, জাতীয় স্টেডিয়ামপাড়া তার পুরোনো ঐতিহ্যের পরিবেশ হারিয়ে ফেলেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই এলাকাটিকে একটি আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, স্টেডিয়াম এলাকায় সন্ধ্যার পর মাদক সেবন ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম দমনে আজ থেকেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হবে। সেই সঙ্গে সিটি করপোরেশনের সহযোগিতায় এলাকার ময়লা অপসারণ, রাস্তা সংস্কার এবং জরাজীর্ণ অবকাঠামোগুলোর উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। এই কাজের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের জন্য এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ক্রীড়াবিদদের ভাতা সংক্রান্ত জটিলতার বিষয়ে তিনি বলেন, আইবাস (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) পদ্ধতির জটিলতায় ২৮ জন ক্রীড়াবিদের ভাতা সাময়িকভাবে আটকে গিয়েছিল। এর মধ্যে ২৬ জনের সমস্যার সমাধান করা হয়েছে এবং বাকি দুজনের সমস্যাও দ্রুত নিরসন করা হবে। তিনি আশ্বাস দেন যে, কোনো ক্রীড়াবিদের ভাতার অর্থই নষ্ট হবে না।