যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড এনভাইরোনমেন্টাল মেটেরিয়ালস (নেম) ল্যাবের সঙ্গে পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) যবিপ্রবি ক্যাম্পাসে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে এই সমঝোতা স্মারকগুলো সই হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সহযোগিতা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের অংশীদারিত্ব শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরির পাশাপাশি কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন, এই সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে যুগোপযোগী করবে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, এই সমঝোতার ফলে তাত্ত্বিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যবর্তী দূরত্ব দূর হবে। এটি শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাত—সবার জন্যই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি ইন্টার্নশিপ ও সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাবে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলো শিল্পের চাহিদা অনুযায়ী কারিকুলাম সংস্কার ও যৌথ গবেষণার জন্য কারিগরি সহায়তা লাভ করবে। এছাড়া শিল্পখাত দক্ষ মানবসম্পদ নিয়োগের সুবিধা পাবে, যা তাদের প্রশিক্ষণ ব্যয় কমাতে সাহায্য করবে।
নেম ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান জানান, বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলেও ভবিষ্যতে আরও ৫২টি ইন্ডাস্ট্রির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফেয়ারমেট কেমিক্যাল লি., রাখি কসমেটিকস অ্যান্ড কনজুমার প্রডাক্ট’স, লুমিনাস গ্রুপ লি., নর্দান এগ্রো সার্ভিস লি. এবং রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) গ্রিন বায়োটেক টিস্যু কালচার ল্যাব (জিবিটিসিএল)।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহম্মদ ফারুক হাসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মো. মিজানুর রহমান। এছাড়া ফেয়ারমেট কেমিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. দেবাশীস বড়ুয়া, রাখি কসমেটিকস অ্যান্ড কনজুমার প্রডাক্ট’স-এর সিও ভিক্টর সাহা, লুমিনাস গ্রুপ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসাইন, নর্দান এগ্রো সার্ভিস লিমিটেডের পরিচালক সাকিব ফরহাদ এবং যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুর রহিমসহ শিল্প খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।