জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদনে ড. মুহম্মদ জাফর ইকবালের পাশাপাশি অভিযুক্ত অন্য সাতজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, দীর্ঘ সময় ধরে ঘটনার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদনটি জমা দিয়েছেন। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার কাজ চলছে। যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র পেশ করা হবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলন সংক্রান্ত আরেকটি মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপিত একটি ফোনালাপের বিষয়ে প্রসিকিউশনের দাবি ছিল, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কথোপকথন উঠে আসে। তবে ওই অভিযোগের বিষয়ে এখনো ট্রাইব্যুনালের কোনো চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত আসেনি।