চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়েছিল। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ফলাফল প্রকাশের তারিখ ঘোষণার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ভর্তি সংক্রান্ত একটি নতুন সিদ্ধান্তের কথাও জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে আর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানানো হয়েছে।