জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয়েছিল ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। এই কনসার্টে পারফর্ম করার সময় এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’-এর ভোকালিস্ট হাসান। মঞ্চে গান গাওয়ার সময় দর্শক সারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়, যার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার সময় দ্বিতীয় স্ক্রিনের একদম সামনে উপস্থিত ছিলেন রিয়াজ হান্নান নামের এক দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করলেও পরে সবাই বিষয়টিকে তামাশার পর্যায়ে নিয়ে যায়। তবে এর পরপরই আবার উপস্থিত সবাই হাসান ভাইকেই গান গাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। তিনি লেখেন, গতকাল ব্যান্ড নিয়ে মঞ্চে পারফর্ম করার সময় হাসানকে লক্ষ্য করে কেউ কেউ বোতল ছুড়ে মেরেছে। সামনের দিকে থাকা একটি দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। তারা কারা এবং কী উদ্দেশ্যে অনুষ্ঠানে এসেছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রিন্স মাহমুদ আরও সতর্ক করে বলেন, সেখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও মোবাইল ক্যামেরা থাকায় ইচ্ছে করলেই জড়িতদের চিহ্নিত করা সম্ভব। তিনি এদের প্রত্যেককে চিহ্নিত করার দাবি জানান।
একই সঙ্গে আয়োজকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে প্রিন্স মাহমুদ লেখেন, মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এই দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমতো পালন করেছেন? তার এই পোস্টে সহমত প্রকাশ করে মন্তব্য করেছেন অভিনয়শিল্পী মিশা সওদাগর। তিনি লেখেন, "ভাই আমাদের সবার এক হওয়া উচিত।"
এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছেন সংগীতশিল্পী লুৎফর হাসানও। তিনি লিখেছেন, এদের চিহ্নিত করা কঠিন নয়, তিনি এদের শাস্তি দেখতে চান। অন্যদিকে, সংগীতশিল্পী তানভীর তারেক আরেকটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, প্রিয় কণ্ঠশিল্পী হাসানকে অপমান করার চেষ্টা করা হয়েছে। এদের প্রশ্রয় দিলে কাল অন্য কাউকে করবে এবং এই প্রবণতা আরও বাড়বে। অনুতাপ ও অনুশোচনাহীনদের মাথা খারাপ হয়ে আরও অনেক কিছু করার চেষ্টা করবে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন চাইলে এদের চিহ্নিত করে ধরা খুব একটা কঠিন কাজ নয়।