রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর দ্রুত তাদের চিকিৎসার জন্য গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে আগুনের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার কর্মীরা সেখানে গিয়ে দেখেন, ঘরের ভেতর বড় ধরনের আগুন নেই, তবে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। পরবর্তীতে বালতি ও মগে করে পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নেভানো হয় এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে ঘর থেকে ধোঁয়া বের করে দেওয়া হয়।
প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বাসার টেলিভিশনের বৈদ্যুতিক গোলযোগের কথা জানা গেছে। ঘটনার সময় এবং আগুন নেভানোর পরবর্তী সময়ে পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী অনেকটা সুস্থ থাকলেও, প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থতা অনুভব করায় সকাল ৯টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যায় কন্টিনেন্টাল হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, হাইকমিশনার ইমরান হায়দার বর্তমানে আইসিইউতে এবং তার স্ত্রী নাইমা ইমরান হাসপাতালের ক্যাবিনে চিকিৎসাধীন রয়েছেন।