বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ভারতের কাছ থেকে আরও বেশি পরিমাণ ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি ডিজেল পাইপলাইন রয়েছে এবং বর্তমানে ওই পাইপলাইনের মাধ্যমেই ডিজেল আমদানি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতকে আরও বেশি ডিজেল দেওয়ার অনুরোধ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একই অনুষ্ঠানে মন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) প্রসঙ্গে জানান, যান্ত্রিক ত্রুটি কাটিয়ে বৃহস্পতিবার বিকেল থেকেই পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে। গ্যাস সঞ্চালন শুরু হলে গ্যাসের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলেও তিনি জানান।

বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে গ্রাহক ও বিদ্যুৎকেন্দ্র উভয়ই সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্তমানে যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যুতের 'ভুতুড়ে বিল' সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহকদের বিল নিয়ে আসার জন্য বলা হলেও অনেক সময় তারা তা করেন না।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জ্বালানি মন্ত্রী বলেন, এটি ছিল একটি নিয়মিত বৈঠক, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।