ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে শিশুকে পরিবারের সাধারণ সদস্য হিসেবে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে মা-বাবার কাছে অর্পিত পবিত্র আমানত হিসেবে দেখা হয়। পবিত্র কোরআনে সন্তানকে পিতা-মাতার জন্য পার্থিব শোভা ও পরীক্ষার মাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ফলে শিশুর শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশের বিষয়টি কেবল আবেগের জায়গা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে স্নেহ, ভালোবাসা, দয়া ও প্রজ্ঞার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি ইসলাম প্রয়োজনভেদে ন্যায়সংগত ও সীমিত শাসনেরও অনুমতি দিয়েছে। ইসলামের এই শিক্ষা একদিকে যেমন কোমলতার শিক্ষা দেয়, তেমনি দায়িত্বশীল অভিভাবকত্বের দিকনির্দেশনাও প্রদান করে।

মহানবী (সা.) শিশুদের প্রতি দয়া ও ভালোবাসার সর্বোত্তম আদর্শ স্থাপন করে গেছেন। তিনি শিশুদের কোলে তুলে নিতেন, মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতেন এবং হাসিমুখে তাদের সঙ্গে কথা বলতেন। এমনকি পথ চলতে শিশুদের আগে সালাম দেওয়ার ঘটনাও হাদিসে বর্ণিত হয়েছে। নিজের নাতি হাসান ও হোসাইনকে চুম্বন করার সময় এক সাহাবির বিস্ময় প্রকাশের জবাবে রাসুলুল্লাহ (সা.) বলেছিলেন, 'যার অন্তরে দয়া নেই, তার প্রতিও দয়া দেখানো হয় না।' নামাজরত অবস্থায় নিজের নাতনি উম্মে কুলসুমকে কাঁধে নিয়ে সালাত আদায়ের ঘটনাও শিশুর প্রতি তার অসীম সহনশীলতার প্রমাণ দেয়। তিরমিজি শরিফের ১৯২১ নম্বর হাদিসে রাসুল (সা.) বলেছেন, 'যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।'

শিশুরা স্বভাবগতভাবেই চঞ্চল ও কৌতূহলী হয়। ভুল করা, সেখান থেকে শেখা এবং ক্রমে পরিণত হওয়া তাদের স্বাভাবিক বিকাশের অংশ। তাই কোনো ভুলের জবাবে কঠোরতা অবলম্বন না করে ধৈর্য, বোঝানো এবং উৎসাহ দেওয়ার ওপর গুরুত্ব দেয় ইসলাম। ইসলামি চিন্তাবিদদের মতে, শিশুর ভুলকে শাস্তির চোখে না দেখে শেখার সুযোগ হিসেবে দেখা উচিত, কারণ ভয়ের পরিবেশে বেড়ে ওঠা শিশুরা আত্মবিশ্বাসহীন ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার ঝুঁকিতে থাকে।

তবে ইসলাম শাসনের প্রয়োজনীয়তাকেও অস্বীকার করে না। সন্তানকে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নির্দিষ্ট বয়সে শিক্ষা ও সংশোধন অপরিহার্য। আবু দাউদ শরিফের ৪৯৫ নম্বর হাদিসে রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন, 'তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও এবং দশ বছর বয়সে নামাজ না পড়লে তাদের শাসন করো।' এই হাদিসের উদ্দেশ্য কোনোভাবেই নির্যাতনকে বৈধতা দেওয়া নয়, বরং দীর্ঘ সময় শিক্ষা ও উৎসাহ দেওয়ার পরও যদি সংশোধন না হয়, তবেই সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ইসলামি বিশেষজ্ঞদের মতে, শাসনের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হওয়া উচিত। প্রথমে নরম ভাষায় উপদেশ, এরপর মৃদু তিরস্কার এবং প্রয়োজনে কঠোর ভাষায় সতর্ক করা যেতে পারে। এরপরও যদি সংশোধন না হয়, তবে এমন শাসনের অনুমতি দেওয়া হয়েছে যা কষ্টদায়ক নয় এবং যার একমাত্র উদ্দেশ্য হলো সংশোধন। মুখমণ্ডল বা শরীরের সংবেদনশীল অংশে আঘাত করা, রাগের বশে প্রহার করা কিংবা প্রকাশ্যে অপমান করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। ফিকহবিদরা শারীরিক শাস্তির ক্ষেত্রে আঘাতের মাত্রা, স্থান ও উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্ট শর্ত আরোপ করেছেন, যাতে তা প্রতিহিংসামূলক না হয়ে শিক্ষামূলক হয়।

শিশুর ওপর জুলুম করা মারাত্মক গুনাহের কাজ, কারণ এটি বান্দার হকের সঙ্গে সংশ্লিষ্ট। আল্লাহতায়ালা নিজের অধিকারের ব্যাপারে ক্ষমাশীল হলেও মানুষের হক নষ্ট করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাপ্য আদায় বা ক্ষমা ছাড়া মুক্তি পাওয়া কঠিন। তাই অভিভাবক কিংবা শিক্ষক—যিনিই হোন না কেন, শিশুর প্রতি রাগ বা প্রতিশোধের মনোভাব নিয়ে আচরণ করা ইসলামের শিক্ষা নয়। বরং প্রতিটি সিদ্ধান্তের মূলে সন্তানের কল্যাণ ও সঠিক পথে পরিচালনার আন্তরিক আকাঙ্ক্ষা থাকা জরুরি। আজকের সমাজে শিশুদের মানসিক সুস্থতা, নৈতিক বিকাশ ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শে ফিরে আসাই শ্রেয়। স্নেহ হবে শিক্ষার ভিত্তি, দয়া হবে সম্পর্কের সৌন্দর্য এবং শাসন হবে প্রজ্ঞা ও সংযমের মাধ্যম—শাস্তি বা প্রতিশোধের হাতিয়ার নয়।