জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এপিএ)’ নামে একটি নতুন সংগঠন যাত্রা শুরু করেছে। বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পেশাগত ও সামাজিক সম্পর্ক জোরদার এবং বিভাগের একাডেমিক ও উন্নয়নমূলক কার্যক্রমে অ্যালামনাইদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই সংগঠনটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (৭ আগস্ট) বিভাগের সেমিনার কক্ষে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির প্রাথমিক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সাজ্জাদুল ইসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মো. মুহিব্বুল্লাহ।
প্রাথমিক কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মোহাম্মদ আলী (২০১৩-২০১৪) ও মো. মাহিদুল ইসলাম (২০১৪-২০১৫), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান সোহেল (২০১৪-২০১৫), সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হাদী (২০১৫-২০১৬) এবং কোষাধ্যক্ষ আবু সুফিয়ান (২০১৬-২০১৭)। এছাড়া কমিটির সদস্য হিসেবে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শাকিলা আক্তার, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মো. জসীম উদ্দিন, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের আব্দুল জলিল ও মো. মেহেদী হাসান, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাইকুল ইসলাম জিহাদ, মো. আব্দুর রহমান আরাফাত, মো. ইয়ামিন ও মো. আরিফুর রহমান, এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ইউছুব ওসমান ও মো. মেহেদী হাসান রয়েছেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য সম্পর্কে সভাপতি সাজ্জাদুল ইসলাম মোল্লা জানান, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা এবং শিক্ষার্থীদের শিক্ষা ও পেশাগত জীবনে সহযোগিতা করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। সাধারণ সম্পাদক মো. মুহিব্বুল্লাহ বলেন, এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যার মাধ্যমে ক্যারিয়ার উন্নয়ন ও উচ্চশিক্ষার বিষয়ে বর্তমান শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। ভবিষ্যতে বিভাগের সব ব্যাচের অ্যালামনাইদের সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম আকতার সিদ্দিক এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে এবং বিভাগের গবেষণা ও সামগ্রিক উন্নয়নে অ্যালামনাইদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং এরপর সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।