বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি তরুণদের অর্জিত জ্ঞান, দক্ষতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের সামগ্রিক উন্নয়নের কাজে লাগাতে চায় সরকার। এ লক্ষ্যে দেশে বিনিয়োগবান্ধব, নিরাপদ এবং কর্মসংস্থানমুখী পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা শেষে অর্জিত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান খাতে ইতিবাচক ভূমিকা রাখুক। তিনি উল্লেখ করেন, বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিদেশে পড়াশোনা করা অনেক বিশেষজ্ঞ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, অতীতের সরকারগুলো তরুণ প্রজন্মের জন্য টেকসই সুযোগ তৈরি করতে ব্যর্থ হলেও, বর্তমান সরকার নিরাপত্তা, সুশাসন এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। এর ফলে বিদেশফেরত তরুণরা উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারবেন।
তিনি জানান, বর্তমান সময়ে শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়, বরং এটি কূটনীতিরও অন্যতম অনুষঙ্গ। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সাথে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একাডেমিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের স্বার্থে কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করার প্রতিশ্রুতি দেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।