দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের একদিন পর সরকার আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি পরে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি পর্যায়ে (জিটুজি) পদ্ধতিতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে মোট আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। ওই বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ চারটি পৃথক প্রস্তাবের মাধ্যমে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমান থেকে দুই কার্গো করে মোট আট কার্গো এলএনজি কেনার অনুমোদন পায়। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুযায়ী, দরপত্র ছাড়া সরাসরি ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই নীতিগত অনুমোদনের প্রয়োজন হয়।

উল্লেখ্য, সম্প্রতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। গত ২১ জুলাই টার্মিনালে আগুন লাগার পর সেটি বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।