সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এক কথিত সাধুকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ইনস্টাগ্রামের ‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ওই সাধু নিজের এবং নারী ভক্তদের মুখ কাপড়ে ঢেকে এক ধরনের ধর্মীয় আচার পালন করছেন। ভিডিওতে তাকে নারী ভক্তদের দীর্ঘ সময় ধরে ‘আশীর্বাদ’ করতে দেখা গেছে। এই ঘটনার পর নেটিজেনরা তাকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই অভিযোগ করেছেন যে, ধর্মীয় আচারের আড়ালে ওই ব্যক্তি নারী ভক্তদের চুম্বন করছেন। সমালোচকদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই ধরনের আচার কেন শুধুমাত্র নারী ভক্তদের ক্ষেত্রেই প্রযোজ্য এবং কেন পুরুষ ভক্তদের ক্ষেত্রে এমন আচরণ দেখা যায় না।
অন্যদিকে, ওই সাধুর অনুসারীদের একটি অংশ দাবি করেছে যে, এটি কোনো অনৈতিক কর্মকাণ্ড নয়। তাদের মতে, এটি একটি নির্দিষ্ট আধ্যাত্মিক ধারার দীক্ষা বা ‘গুরুমন্ত্র’ প্রদানের অংশ।
ভারতে অতীতেও অলৌকিক ক্ষমতার দাবি করে প্রতারণার অভিযোগে ভণ্ড সাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। এর আগে আসামে রোগ সারানোর নামে নারীদের জোরপূর্বক চুম্বনের অভিযোগে পুলিশ এক কথিত সাধুকে গ্রেপ্তার করেছিল। তবে ‘লিপ কিস বাবা’র সাম্প্রতিক এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।