পাবনার গাছপাড়া তিন রাস্তার মোড়ে শিশুদের জন্য নতুন এক বিনোদন কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছে আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ড’। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় পিএস গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিনোদন কেন্দ্রটির উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ড. ওমর আলী। প্রায় ১২ হাজার বর্গফুট জায়গা জুড়ে নির্মিত এই কেন্দ্রটি উদ্বোধনের পর থেকেই শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওমর আলী বলেন, বর্তমান নগরজীবনে শিশুদের খেলাধুলার সুযোগ দিন দিন কমে যাচ্ছে, যা তাদের স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, পিএস ডিজনিল্যান্ড শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর বিনোদনের একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তাদের সৃজনশীলতা বিকাশ এবং আনন্দময় শৈশব গড়তে সহায়ক হবে।
অভিভাবক রেহানা পারভীনসহ উপস্থিত অনেকেই জানান, পাবনায় শিশুদের নিয়ে নিরাপদ পরিবেশে সময় কাটানোর মতো মানসম্মত জায়গার অভাব ছিল। এই প্লে-গ্রাউন্ড চালু হওয়ায় শিশুদের স্ক্রিন নির্ভরতা কমবে এবং তারা খেলাধুলার মাধ্যমে আনন্দ উপভোগের সুযোগ পাবে। পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না জানান, শিশুদের জন্য আনন্দময় পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিও এই উদ্যোগে বিশেষ গুরুত্ব পেয়েছে।
প্লে-গ্রাউন্ডটি প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এখানে শিশুদের প্রবেশ ও রাইড উপভোগের প্যাকেজ মূল্য ৩২০ টাকা এবং অভিভাবকদের জন্য ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি প্যাকেজে শিশুরা দুই ঘণ্টা বিভিন্ন রাইড ও খেলাধুলার সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, রোটারিয়ান জালাল উদ্দিন এবং সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান।