জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গত মঙ্গলবারের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। শুক্রবার (৭ আগস্ট) তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান এবং তাদের সার্বিক চিকিৎসার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

হাসপাতালে অবস্থানকালে উপাচার্য চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদ দেন। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে ক্যাম্পাসে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে জবি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন উপাচার্য।

উপাচার্যের এই হাসপাতাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। এছাড়া প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিকও সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সময় বিভিন্ন দাবিতে প্লাকার্ড নিয়ে কিছু শিক্ষার্থী মিলনায়তনে প্রবেশ করতে চাইলে বাইরে দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ফ্রন্টের নেতা-কর্মী, সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীরা আহত হন।

এ ঘটনার তদন্তে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জবি প্রশাসন।