ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ির ভেতর থেকে ৫২ বছর বয়সী এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এনডিটিভির তথ্যানুযায়ী, নিহত ওই নারীর নাম দক্ষায়িণী। ধারণা করা হচ্ছে, প্রায় এক বছর আগে তার মৃত্যু হয়েছিল এবং এরপর দীর্ঘ সময় ধরে মরদেহটি বাড়ির ভেতরেই পড়ে ছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দক্ষায়িণী ওই বাড়িতে একাই বসবাস করতেন। স্বামী ও ছেলের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষণ্নতায় ভুগছিলেন। প্রায় ১০ বছর আগে তার স্বামী উমেশ মারা যান। পরবর্তীতে তাদের ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।
তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, দক্ষায়িণীর মৃত্যু প্রায় এক বছর আগে হয়ে থাকতে পারে। এই দীর্ঘ সময়ের মধ্যে তার মেয়ে ও জামাই ওই বাড়িতে আসেননি বলেও জানা গেছে। ঘটনার খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরিদর্শন করেছেন। বর্তমানে নারীর মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।