কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (আগস্ট) সকাল ৬টার দিকে পাকুন্দিয়ার পৌরসভার বরাটিয়া চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. সেলিম মিয়া (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া দুর্ঘটনায় বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া এবং পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস বরাটিয়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মারা যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনন্যা পরিবহনের চালক সম্ভবত ঘুমন্ত অবস্থায় বাসটি চালাচ্ছিলেন, তবে বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।