ওয়ান ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল। শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের জেআইসি সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি জানান, বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করেছিল এবং অসৎ উদ্দেশ্যে ‘আয়নাঘর’ নামক এই টর্চার সেল তৈরি করা হয়েছিল। সেখানে ভিন্নমতের অনেক ব্যক্তিকে মাসের পর মাস এবং বছরের পর বছর বন্দি রেখে নির্যাতন করা হতো।
চিফ প্রসিকিউটর বলেন, এসব টর্চার সেলের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর জেআইসি সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে, বিভিন্ন জায়গায় দেয়াল তুলে তথ্য-প্রমাণ গোপন করা হয়েছে।
তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন করা গুরুত্বপূর্ণ এবং যেকোনো বিচারকের ঘটনাস্থল পরিদর্শনের আইনগত বৈধতা রয়েছে। পরিদর্শনের মাধ্যমে আলামত ও তথ্য-প্রমাণ সম্পর্কে ধারণা নেওয়া ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘১/১১-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল।’