ভোরের আগুনে লাশ হলো উত্তরা: সাততলা ভবনে প্রাণ গেল তিনজনের, আহত ১৩

রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার মাত্র ৮ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে পুরোপুরি নেভানো হয়।
ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ওই ফ্ল্যাটে অতিরিক্ত আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের পরিচালক মো. আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্বিতীয় তলা থেকে শুরু হয়ে তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।