হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতির ওপর সরাসরি নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এই সংকটের সমাধানে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার কোনো ভূমিকা নেই বলে সংস্থাটি দাবি করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে তেহরানের সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত রয়েছে। মোহেবি বলেন, ইরানের কাছে হরমুজ প্রণালি কেবল একটি অর্থনৈতিক নৌপথ নয়, বরং এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান।
আইআরজিসির এই মুখপাত্র আরও জানান, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্ত মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। এর মাধ্যমে তেহরান এই বার্তাই দিল যে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার ওপরই নির্ভর করছে। একই সঙ্গে, ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হবে—এমন ধারণাও নাকচ করে দিয়েছে আইআরজিসি।