জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা ছাত্র-শিক্ষকদের অবদান অপরিসীম

​সাব্বির হোসাইন, গাজীপুর প্রতিনিধি :

“অগ্নিঝরা জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা ছাত্র-শিক্ষকদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা’র ছাত্রসংসদ।
​মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে এবং ছাত্রসংসদের ভি.পি. তোফায়েল আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, এমপি।
​বক্তারা বলেন, দেশের যেকোনো জাতীয় সংকট ও অধিকার আদায়ের সংগ্রামে মাদরাসা শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীরা সম্মুখসারিতে থেকে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন ও জীবন উৎসর্গ করেছেন। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা।
​সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. নূর নবী মানিক, জামিয়া এমদাদিয়া কল্যাণপুরের মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।
​অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার মুফতি আলী হাসান উসামা, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ মোশাররফ হোসেন, তা’মীরুল মিল্লাতের মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী, প্রধান ফকিহ মুফতি মহিউদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন ও ছাত্রসংসদের জি.এস. আব্দুল কাইয়ুম।
​অনুষ্ঠানে বিশেষ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদ মুনতাসির রহমান আলিফের পিতা সৈয়দ গাজীউর রহমান এবং শহীদ মো. আদিলের পিতা মো. আবুল কালামের উপস্থিতিতে। আয়োজনে অন্যান্যের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুর সম্রাট শিল্পী মশিউর রহমানসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রসংসদের দায়িত্বশীলগণ এবং প্রায় ৫০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।