পঞ্চগড়ে শুভ উদ্বোধন হলো পুরাতন মোটরসাইকেলের হাট

বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।।

পঞ্চগড়ে প্রথমবারের মতো পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য চালু হলো নির্ধারিত হাট। ক্রেতা-বিক্রেতাদের সুবিধা, সময় ও ভোগান্তি কমানো এবং তুলনামূলক নিরাপদ পরিবেশে মোটরসাইকেল কেনাবেচার সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সিএন্ডবি মোড়-মীরগড় সড়কে টিটিসি সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও পায়রা উড়িয়ে হাটের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক মো. নুরুজ্জামান বাবু।

ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাহারুল ইসলাম টয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সভাপতি আরঙ্গজেব, পুরাতন মোটরসাইকেল হাটের আহ্বায়ক কমিটির প্রধান তারেকুজ্জামান তুমুলসহ আয়োজক কমিটির সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, মোটরসাইকেল মালিক, সম্ভাব্য ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে হাট প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত হাট বসানোর দাবি জানান।

আয়োজকরা জানান, পঞ্চগড়ে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার জন্য এতদিন কোনো নির্দিষ্ট হাট বা বাজার ছিল না। ফলে ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে মোটরসাইকেল কেনাবেচা করতে হতো। এতে সময় ও ভোগান্তির পাশাপাশি অনেক ক্ষেত্রে কাগজপত্র যাচাই-বাছাই নিয়েও জটিলতা তৈরি হতো। এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্দিষ্ট স্থানে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার সুযোগ তৈরি করতেই এ হাট চালু করা হয়েছে।

হাটে ক্রেতা ও বিক্রেতারা একই স্থানে এসে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র, মালিকানা ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে লেনদেন করতে পারবেন। এর ফলে ক্রেতারা পছন্দের মোটরসাইকেল সরাসরি দেখে যাচাই করার সুযোগ পাবেন এবং বিক্রেতারাও সহজে সম্ভাব্য ক্রেতাদের কাছে মোটরসাইকেল প্রদর্শন করতে পারবেন।

আয়োজক কমিটির আহ্বায়ক প্রধান তারেকুজ্জামান তুমুল বলেন, “পঞ্চগড়ে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার জন্য একটি নির্দিষ্ট ও নিরাপদ জায়গা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। প্রতি শনিবার নিয়মিত এ হাট বসবে। ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ বিবেচনায় রেখে স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা থাকবে।”

আয়োজকরা আরও জানান, প্রতি শনিবার পঞ্চগড় সদর উপজেলার সিএন্ডবি মোড়-মীরগড় সড়কে টিটিসি সংলগ্ন মাঠে এ হাট বসবে। পঞ্চগড়ের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষও এখানে এসে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার সুযোগ পাবেন।

নতুন এ উদ্যোগের ফলে একদিকে যেমন পুরাতন মোটরসাইকেলের ক্রেতারা একই জায়গায় বিভিন্ন মডেল ও দামের মোটরসাইকেল দেখার সুযোগ পাবেন, অন্যদিকে বিক্রেতারাও সহজে তাদের মোটরসাইকেল বিক্রির সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।