বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাণিজ্য ভবন মাঠে কচু গাছের চারা লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। খেলার মাঠটি দ্রুত সংস্কার এবং নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা এই অভিনব কর্মসূচি পালন করেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে কলেজ ক্যাম্পাসে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শত বছরের বেশি পুরোনো ঐতিহ্যবাহী বিএম কলেজে একসময় নিয়মিত খেলাধুলার আয়োজন হলেও বর্তমানে সেই পরিবেশ পুরোপুরি অনুপস্থিত। ২০২৩ সালের পর বাণিজ্য ভবন মাঠে আর কোনো খেলাধুলার আয়োজন করা হয়নি। ২০২৬ সালেও মাঠ সংস্কার বা ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা মাঠ সংস্কার, নিয়মিত খেলাধুলা চালু, কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনের পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে মাঠ সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর পার হলেও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। চলতি বছরের মে মাসে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ফি-র বিপরীতে যথাযথ সেবা নিশ্চিত করা এবং আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট আয়োজনসহ ১০ দফা দাবি জানানো হলে কলেজ প্রশাসন একটি কমিটি গঠন করে। তবে শিক্ষার্থীদের দাবি, কমিটির একাধিক সভা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ফলাফল দেখা যায়নি। এমনকি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য গঠিত কমিটিও শেষ পর্যন্ত টুর্নামেন্টটি মাঠে নামাতে পারেনি।

খেলাধুলার জন্য নেওয়া ফি নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ইনডোর ও আউটডোর খেলাধুলার ফি বাবদ বছরে ৯০ টাকা করে প্রায় ২৭ লাখ টাকা আদায় করা হয়। অথচ মাঠে কোনো ক্রীড়া কার্যক্রম নেই। হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবির সিকদার বলেন, ২০২৩ সালের পর কলেজে আর কোনো খেলার আয়োজন হয়নি। অথচ প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ইনডোর ও আউটডোর ফি বাবদ বছরে প্রায় ২৭ লাখ টাকা নেওয়া হচ্ছে। তাহলে এত টাকা নেওয়ার পরও খেলাধুলা বন্ধ কেন? আমরা দ্রুত মাঠ ভরাট ও সংস্কার করে ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ আয়োজনের দাবি জানাচ্ছি।

মাঠ সংস্কারে বিলম্বের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ তাজুল ইসলাম। তিনি জানান, টুর্নামেন্ট আয়োজনের জন্য তারা অনেক কাজ এগিয়ে নিয়েছিলেন। তবে আগে মাঠের চারপাশে রাস্তা না থাকলেও এখন নতুন রাস্তা হওয়ায় বৃষ্টির পানি মাঠে জমে যাচ্ছে। ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় এই সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি সমাধানের জন্য সিটি করপোরেশনের সঙ্গে কথা বলা হয়েছে এবং একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। মাঠের পানি কমে গেলে দ্রুতই খেলার আয়োজন করা হবে।