গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়া স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেল স্টেশনের উত্তর পাশের বহির্গমন সিগন্যালের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করেন।

নিহতরা হলেন মোছা. রিনা আক্তার (২৫) এবং তার দ্বিতীয় স্বামী আল আমিন। রিনা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার কন্যা। প্রাথমিকভাবে জানা গেছে, রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন নামক পোশাক কারখানায় এবং আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর থেকেই এই দম্পতিকে রেললাইনের আশেপাশে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছিল। সন্ধ্যার পর হঠাৎ তারা ট্রেনের নিচে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দা লিপি বেগম জানান, বিকাল পাঁচটার দিকে দুইজন ছেলে এসে জানায় যে দুইজন মানুষ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। এরপর এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়।

আরেক স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী জানান, বিকাল নাগাদ ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় তাদের মরদেহের বিভিন্ন অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

নিহত রিনা আক্তারের ভাই সুমন জানান, আগের স্বামীর ঘর ছেড়ে রিনা আল আমিনকে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে তাদের সাথে পারিবারিকভাবে তেমন যোগাযোগ ছিল না, তাই আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ তিনি জানাতে পারেননি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।