দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান আগামী দিনে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়। এই লক্ষ্য অর্জনে ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল ও আতিথেয়তা খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি।

আফরোজা খানম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

পর্যটন খাতের টেকসই উন্নয়নে বেসরকারি খাতের অংশীজনদের কার্যকর ভূমিকা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ ক্ষেত্রে নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশীজনদেরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আফরোজা খানম আশা প্রকাশ করেন যে, পর্যটন খাতের সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতা, সংশ্লিষ্ট অংশীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।