ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামের মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আনা হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মোজতবা খামেনিকে ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন। এ সময় তাকে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি তার আশপাশে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা চালায়। ওই হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং অনেক সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ঘাঁটি ও স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।