ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের বর্তমান নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের ওপর জোর দিয়ে বলেছেন, চলমান যুদ্ধ অবস্থার অবসানের লক্ষ্যে চুক্তি করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত সময়। তিনি দেশকে ‘না যুদ্ধ না শান্তি’ এমন একটি অনিশ্চিত পরিস্থিতি থেকে সরিয়ে আনার জন্য আহ্বান জানিয়েছেন।

আল জাজিরার বরাতে জানা গেছে, ইরানি গণমাধ্যমের কাছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেছেন যে, দেশের ভেতর এখন সংহতি, শক্তি ও ঐক্য বিরাজমান রয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ইরানকে একটি বিজয়ী ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন রোধের জন্য ইরান ও ওয়াশিংটনের মধ্যে একটি কার্যকরী যোগাযোগ মাধ্যম থাকা প্রয়োজন ছিল। তিনি উল্লেখ করেন, যেকোনো সমঝোতা স্মারকে কিছু ত্রুটি বা লঙ্ঘন হতে পারে, তবে নীতিগতভাবে ঝগড়া না করে সেই লঙ্ঘনগুলো সমাধানের জন্য একটি নির্দিষ্ট দল গঠন করা উচিত ছিল।

বর্তমান পরিস্থিতি কীভাবে সমাধান করা যায় তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পেজেশকিয়ান। তিনি বলেন, ওমানের সাথে এ বিষয়ে আলোচনা চলছে। আল্লাহর ইচ্ছায় আমরা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারব, যেখান থেকে এই না-যুদ্ধ না-শান্তি অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।