পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামী ৯ থেকে ১২ আগস্ট সিঙ্গাপুরে চার দিনের এক সরকারি সফরে যাচ্ছেন। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সিঙ্গাপুর সফর।
সফরকালে প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়া তিনি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং দেশটির অন্যতম আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন।
নতুন সরকারের পক্ষ থেকে এটি প্রথম উচ্চপর্যায়ের সফর। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস সহযোগিতা, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।