কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানকৃত মালামাল উদ্ধার করেছে। গত ৮ আগস্ট এবং ৯ আগস্ট ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় এই অভিযানগুলো চালানো হয়। বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭১ হাজার ১০০ টাকা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট কাজিপুর বিওপি’র বর্ডার পাড়া মাঠে অভিযান চালিয়ে মোঃ শাকিব ইসলাম (২৪) নামের একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় মদ, ২০০ প্যাকেট পাতার বিড়ি এবং ১২ কেজি জিরা উদ্ধার করা হয়। একই দিনে নিচপাড়া মাঠ থেকে ৭ বোতল স্কাফ সিরাপ ও ২ বোতল ফেয়ারডিল সিরাপসহ মোঃ বাক্কার (৩৮) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া জয়পুর মাঠপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
পরদিন ৯ আগস্ট রংমহল, জামালপুর ও শুভরাজপুর বিওপি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ভারতীয় মদ এবং ৩,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
৪৭ বিজিবি’র অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি’র এই কঠোর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।