ঢালিউডের চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার প্রথম আলোকে জানান, ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলের কাছে হস্তান্তর করা হয়। সিআইডি এই হত্যা মামলাটি তদন্ত করছে এবং এই মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে, ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ মারা যান। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘ সময় ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলা করার নির্দেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় এই হত্যা মামলাটি করেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলচরিত্রের অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে এবং মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট তারিখ ধার্য রয়েছে।