বরিশাল-কুয়াকাটা মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নগরীর রূপাতলী-দপদপিয়া সেতুর ঢালে একটি দ্রুতগামী বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহী থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। রবিবার (৯ আগস্ট) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিন্দ্রাটি পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বরিশাল নগরীর দিকে আসছিল। এ সময় রূপাতলী দপদপিয়া সেতুর টোলঘর সংলগ্ন ঢাল অতিক্রম করার মুহূর্তে রূপাতলী থেকে কুয়াকাটামুখী একটি দ্রুতগতির বিআরটিসি বাস মাহিন্দ্রাটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ছয়জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত রয়েছেন, যার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শেবাচিম হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল জানিয়েছেন, বাকি আহতদের সার্জারি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।