ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ তার স্ত্রী ৩৭ বছর বয়সী ফুলমতিকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন। প্রায় ২১ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন এই দম্পতি। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের পাঁচ সন্তান রয়েছে।

তবে কয়েক মাস আগে ফুলমতির সঙ্গে ২৬ বছর বয়সী অবধেশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে বুদ্ধিরাম ও ফুলমতির মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। এর জেরে প্রায় দুই মাস আগে ফুলমতি অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরবর্তীতে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি বাড়ি ফিরে এলেও তাদের দাম্পত্য কলহ থামেনি।

পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে বুদ্ধিরাম ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তিনি স্ত্রী ফুলমতির সঙ্গে প্রেমিক অবধেশের বিয়ের আয়োজন করেন। স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বুদ্ধিরাম নিজেও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রচলিত রীতি মেনে স্ত্রীকে বিদায় জানান।

বুদ্ধিরাম জানান, প্রায় ২১ বছর আগে তিনি ফুলমতিকে বিয়ে করেছিলেন। কিন্তু এখন ফুলমতি আর তার সঙ্গে সংসার করতে চান না। প্রতিদিনের অশান্তি থেকে বেরিয়ে আসতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, স্ত্রী যার সঙ্গে থাকতে চান, তার সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।