দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এ কথা বলেন। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নের কাজে বাধা সৃষ্টির চেষ্টা করছে। তিনি উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজপথে এসে উন্নয়ন কার্যক্রম বন্ধ করতে চায় এবং মানুষকে বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা আজ দেশের গণতন্ত্রে বিশ্বাসী ও বাকস্বাধীনতায় বিশ্বাসী মানুষকে সিদ্ধান্ত নিতে হবে।

দেশের উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময় দেশ গড়ার এবং জাতির ভাগ্য গঠনের। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের রুখে দেব।

বিএনপির ৩১ দফার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। বিএনপি জনগণের সমর্থনে ৩১ দফার পক্ষে রায় পেয়েছে এবং সেই দফা বাস্তবায়ন করা দলের পবিত্র দায়িত্ব। জনগণের দফার বাস্তবায়নে বিএনপি সব বাধা মোকাবিলা করে এগিয়ে যাবে বলে তিনি অঙ্গীকার করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখেন।