সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ জাবেদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে দিরাই থানা পুলিশ। রবিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে দিরাই পৌরসভার আখড়া পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জাবেদ মিয়া দিরাই পৌর এলাকার চন্ডীপুর গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি চৌকস দল আখড়া পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জাবেদ মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আটককৃত জাবেদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।