আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবার মালয়েশিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী বেসবল দল। আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশ নেবে দলটি। এই সফরকে সামনে রেখে আজ রবিবার (৯ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সাক্ষাৎকালে মহাপরিচালক খেলোয়াড়দের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নারী বেসবল দলের সার্বিক সাফল্য কামনা করে আন্তরিক উৎসাহ ও শুভকামনা ব্যক্ত করেন।

এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার সেলাঙ্গরে অবস্থিত ‘ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া’-র বিএফএম ন্যাশনাল বেসবল মাঠে। চার জাতি এই প্রতিযোগিতায় স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ আনসার-ভিডিপি নারী বেসবল দলটি ১০ থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবে।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রয়েছে দীর্ঘদিনের গৌরবময় অবদান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা এই বেসবল দলটি এবারও মাঠের লড়াইয়ে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করার ব্যাপারে দারুণ আশাবাদী।