সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, কারখানায় আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের পরিচয় পাওয়া গেছে। আত্রাইয়ের ইউএনও মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মধ্যে বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮) রয়েছেন। তিনি আরও জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই ঘটনায় নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকার তিন বাসিন্দা নিহত হয়েছেন। খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানান, নিহতরা হলেন খাজুরা শ্রীপুরপাড়া এলাকার সাব্বির হোসেন সোহাগ, দিঘীর পাড় এলাকার শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার রবিউল আওয়াল হৃদয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বীর তথ্যানুযায়ী, মৃতের প্রকৃত সংখ্যা এখনো যাচাই-বাছাই করা হচ্ছে।