এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে মিষ্টির বাড়তি চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যাতে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করতে না পারে, সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল রবিবার পৌর এলাকায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে চারটি নামী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার। যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে সেগুলো হলো আদর্শ মাতৃ ভান্ডার, মেসার্স মধুরাজ, ভোলাগিরি মিষ্টান্ন ভান্ডার এবং মহাদেব মিষ্টান্ন ভান্ডার।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, মিষ্টির ওপর মাছি ও পোকার উপস্থিতি এবং ঢাকনাবিহীন অবস্থায় মিষ্টি সংরক্ষণের মতো বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে ঘিরে মিষ্টির চাহিদা বাড়ার বিষয়টি মাথায় রেখেই ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।