ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে, মিত্র রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়া দেশটিতে ৫০ হাজার পর্যন্ত সেনা পাঠাচ্ছে। শনিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই দাবির কথা উল্লেখ করেন। জেলেনস্কি জানান, রাশিয়ার ভূখণ্ডে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জুলাই মাসে তার দেওয়া ৩০ হাজারের তথ্যের চেয়ে বেশি। তবে এই তথ্য তিনি কীভাবে পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
জেলেনস্কি আরও দাবি করেন, ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। যদিও ক্ষেপণাস্ত্রগুলো কোথায় পাওয়া গেছে, তা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেন, এটি একেবারেই স্পষ্ট যে উত্তর কোরিয়া আধুনিক যুদ্ধে নিজেদের অভিজ্ঞতা আরও বাড়াতে থাকবে, রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তির লাইসেন্স নেবে এবং তাদের কাছ থেকে নানা ধরনের সামরিক সরঞ্জাম পাবে।
বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়ার প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, যে ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে, সেই জায়গায় দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহায়তা পেতে আমরা খুবই আগ্রহী। এছাড়া ইউক্রেন ড্রোন চুক্তি এবং অন্যান্য ক্ষেত্রেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। সম্ভাব্য এসব চুক্তি নিয়ে ইউক্রেনের কূটনীতিকরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরকালে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেন। এই চুক্তিতে কোনো একটি দেশ বাইরের কোনো দেশের আগ্রাসনের শিকার হলে অপর দেশকে পারস্পরিক সহায়তা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।