ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একজন 'জনবান্ধব ব্যক্তি' হিসেবে অভিহিত করে বলেন, আমরা সবাই তাকে অনেক সম্মান করি। আমি তার অনেক বক্তৃতা শুনেছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একজন জনবান্ধব নেতা।
দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার আলোচনার গুরুত্ব তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, আমার বিশ্বাস, যদি দুই নেতা (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আলোচনায় বসেন, তবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরও বলেন, মানুষ এক আছে এবং আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এখানে কোনো নেতিবাচক কিছু নেই, সবকিছুই ইতিবাচক।