বরিশালের গৌরনদী উপজেলায় ভিক্ষা করতে গিয়ে হাতুড়িপেটার শিকার হয়েছেন ছবুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিমুল আকন ও পলাশ আকন নামের দুই মাদকাসক্ত জমজ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকড়কাঠী গ্রামের বাসিন্দা ছবুরা বেগম রোববার দুপুরে বাদুরতলা গ্রামের শিমুল ও পলাশের বাড়িতে ভিক্ষা করতে যান। এ সময় দুই ভাই তাকে কৌশলে বাড়ির ভেতরে ডেকে নেন। এরপর কোনো এক পর্যায়ে তারা বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। বৃদ্ধার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে অভিযুক্তদের মা মুকুল বেগম তার ছেলেদের বিরুদ্ধে চরম নির্যাতনের অভিযোগ তুলেছেন। তিনি জানান, শিমুল ও পলাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে তারা প্রায়ই মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ছেলেদের মারধরের ভয়ে তিনি নিজের ঘরে থাকতে পারেন না এবং বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগী ছবুরা বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং আজ সকালে তাদের আদালতে পাঠানো হবে।