খুলনা মহানগরীর করিমনগর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শিমুল (৩০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সামনে এ ঘটনা ঘটে। আহত শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত করিমনগর এলাকায় শিমুলের বাসায় গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। হৃদয়কে না পেয়ে দুর্বৃত্তরা তার বাবা মুকুলকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরে বিদ্ধ হয়। গুলির শব্দ ও শিমুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ৯-১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তার শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ নারীর ছেলে হৃদয়ের সঙ্গে দুর্বৃত্তদের অভ্যন্তরীণ কোনো বিরোধ থাকতে পারে। হৃদয়কে না পেয়ে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।