বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি এবং শিক্ষা-সংক্রান্ত অন্যান্য ব্যয় পরিশোধের প্রক্রিয়া আরও সহজতর করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে। এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড ব্যবহারের মাধ্যমে সরাসরি বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে ফি পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ পরিশোধের চাহিদা দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের এই প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার বাইরে থাকবে। অর্থাৎ, বিদেশে পড়াশোনার জন্য কার্ডে পরিশোধ করা অর্থ সাধারণ ভ্রমণ কোটায় কোনো প্রভাব ফেলবে না।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে কার্ডটি শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী অভিভাবক বা অন্য কোনো ব্যক্তির নামে ইস্যু করা হচ্ছে। পাশাপাশি, কার্ডের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা হচ্ছে কি না, তাও ব্যাংকগুলোকে যাচাই করতে হবে। এছাড়া, প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে নিয়মিত তথ্য ও প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।