গাংনীতে মাটির নিচে মিলল ৯৬টি মাইন, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক :
মোঃ মামুনুর রশীদ মেহেরপুরের গাংনী উপজেলায় বেতবাড়িয়া গ্রাম থেকে ৯৬টি মাইন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭৯টি অ্যান্টি-পার্সোনেল মাইন ও ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন রয়েছে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট মাইনগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মধুগাড়ী নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট অভিযানটি পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন মেজর তরিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, গত শনিবার রাস্তা মেরামতের জন্য মাটি কাটার পর বৃষ্টির পানিতে মাটি সরে গেলে একটি প্লাস্টিকের টুলবক্স ও মাইনসদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়।
পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে মাইনগুলো উদ্ধার করে নিরাপদ দূরত্বে মধুগাড়ী নদীর তীরে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করে।
স্থানীয়দের ধারণা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অগ্রগতি ঠেকাতে কিংবা অতর্কিত হামলার উদ্দেশ্যে এসব মাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে।
মাইনগুলো সফলভাবে নিষ্ক্রিয় হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী।