ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার অভিযোগ করেন, এই যুদ্ধে ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলা নেই। একই সঙ্গে তিনি ট্রাম্পের নেতৃত্বকে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ বলে অভিহিত করেছেন।
শুমার বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন, সেই যুদ্ধে হারছেন এবং কীভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন, তারও কোনো পথ নেই।’ তার মতে, ট্রাম্পের কৌশলগত দুর্বলতা, শৃঙ্খলার অভাব এবং কার্যকরভাবে আলোচনায় বসতে না পারার ব্যর্থতার কারণে মার্কিন সেনারা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছেন।
সিনেটের এই নেতা আরও দাবি করেন, এই যুদ্ধের প্রভাবে সাধারণ আমেরিকানদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্পের তৈরি করা এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান চাক শুমার।