মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তিনি ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করবেন। কয়েক মাস ধরে চলমান যুদ্ধের জেরে মার্কিন ও ইসরায়েলি হামলায় হওয়া ক্ষতির জন্য তেহরান ক্ষতিপূরণ দাবি করার পর ট্রাম্প এই নতুন অবস্থান নিলেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প উল্লেখ করেন, ইরান এখন যে ক্ষতিপূরণ দাবি করছে, তা এর আগে কোনো আলোচনা বা বৈঠকে তারা কখনোই উত্থাপন করেনি।
বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান তাদের রাস্তার পাশের বোমায় এবং বিভিন্ন সংঘাতের মাধ্যমে যাদের হত্যা ও গুরুতর আহত করেছে, তাদের জন্য তিনি ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। এর মধ্যে ইউএসএস কোল হামলায় নিহতদের পরিবার এবং যুদ্ধে নিহত হাজার হাজার মানুষের পরিবারের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
ট্রাম্প আরও দাবি করেন, গত ৫০ বছরে ইরানে নিহত বিক্ষোভকারীদের পরিবারের পাশাপাশি গত পাঁচ মাসে নিহত ৫২ হাজার মানুষের পরিবারকেও ইরানের ক্ষতিপূরণ দেওয়া উচিত।
ভবিষ্যতে তেহরানের সঙ্গে যেকোনো ধরনের আলোচনায় এই দাবির বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য তিনি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।