বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকার জ্বালানি খাতের উন্নয়নে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত 'জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়' শীর্ষক সেমিনারে তিনি এই আগ্রহের কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব এবং বিশেষ করে এনার্জি সেক্টরে বেসরকারি অংশীদারিত্বকে উৎসাহিত করছে। তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটময় মুহূর্তে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তবে দেশের সংকট বাড়িয়ে কোনো সুবিধা পাওয়া সম্ভব নয়। অতীতের সরকার উন্নয়নের নামে ১৬ বছর ক্ষমতায় ছিল এবং তারা শুধু যেখানে অর্থ উপার্জনের সুযোগ ছিল সেখানেই কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।

গ্যাস সংকট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে গ্যাসের তীব্র হাহাকার দেখা দিয়েছে। শিল্পমালিকরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতে সরকার তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সতর্কতার সঙ্গে অগ্রসর হওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের প্রকল্পের কারণে বর্তমানে অনেক ক্ষেত্রে অর্থায়ন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, সোলার বা সৌরবিদ্যুতের বিষয়ে সরকার বেশ আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। তিনি জানান, সোলার প্রকল্পকে ব্যবসায়িকভাবে সফল করতে সরকার দুই মাসের মধ্যে নতুন নীতিমালা তৈরি করেছে এবং এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। ওপেক্স মডেলে ঢাকা শহরসহ সারাদেশেই সোলার প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।