সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে একটি জরুরি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি প্রকাশ করা হয়। এতে সরকারি দপ্তরে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে জানানো হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজের জন্য ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরশক্তি থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

এর আগে ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ বিষয়ক এক সভায় জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেন। একই সভায় সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন এবং পরিকল্পনা কমিশন ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।