মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও রুপালি পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। নিজের ফিটনেস পুনরুদ্ধার করতে তিনি বর্তমানে কঠোর পরিশ্রম করছেন। কন্যা শারলিন খানের যত্নের পাশাপাশি নিয়মিত বিশেষ ডায়েট ও জিম অনুসরণ করছেন তিনি, যাতে দ্রুত সময়ের মধ্যে নতুন সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন।

কন্যা শারলিন খানের জন্মের পর বুবলী জনসম্মুখে খুব একটা না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় ছিলেন। ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানানো থেকে শুরু করে নিজের ফটোশুটের ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই জাহিদ হোসেন পরিচালিত 'ঢাকাইয়া দেবদাস' সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরবেন এই অভিনেত্রী। পুরান ঢাকার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এর বাইরেও বুবলীর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকায় রয়েছে 'শাপলা শালুক', যেখানে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক আব্দুন নূর সজলকে। এছাড়া অভিনেত্রী ইতোমধ্যে 'কয়লা' সিনেমার শুটিং সম্পন্ন করেছেন।